পবিত্র রমজান উপলক্ষে বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বৃহত্তর নোয়াখালীর নয়জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাতজন অতিরিক্ত সচিব, একজন ডিআইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রধান প্রকৌশলী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যে গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগামী ২০ জুন সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।
সমিতির সভাপতি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, বৃহত্তর নোয়াখালীর সার্বিক উন্নয়নে আগামী ২০ মে’র মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রণীত রূপরেখাটি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।

