পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী স্বল্পমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে স্বস্তি প্রকাশ করেছেন রোজাদার ও সাধারণ ক্রেতারা।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডা. সুমন ভৌমিক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাছলিমা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি পিস ডিম ৭ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
পবিত্র শবেকদর পর্যন্ত আগামী ১৫ দিন এই কর্মসূচি চলবে বলে তিনি জানান।
উদ্যোক্তারা জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

