নোয়াখালীর চাটখিলে রাতের আঁধারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে মাটি দস্যুরা ফসলি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর (ভেকু) ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় চাটখিল-বদলকোট সড়কে চলাচলরত একটি মাটিবাহী ট্রাককে থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত ট্রাকটি কথিত মাটি দস্যু খোরশেদের। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে আসছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

