কোম্পানীগঞ্জ প্রতিনিধি:পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার পূর্ব মুহূর্তে চরপার্বতী ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন। তাঁর নিজ বাসভবনে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে চরপার্বতী ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

