নোয়াখালী-৫ আসনের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাংকিং খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে ফোরামের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংকিং সেবার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্যাংকার্স ফোরামের নেতারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং খাত নোয়াখালী-৫ আসনের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্থানীয় শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে নীতিগত সহায়তা প্রয়োজন। তাঁদের আশা, সংসদ সদস্যের দিকনির্দেশনায় এলাকায় টেকসই উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং সেবামুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠবে।
সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যাংকার্স ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার হলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি স্থানীয় শিল্পায়ন ও দক্ষ উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন,ব্যাংকার্স ফোরাম (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) উপজেলার সভাপতি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. আবুল কাসেম; সাধারণ সম্পাদক এবং অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা; সহসভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বসুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হক; সহসভাপতি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. আবু তাহের; যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন; ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক সুমন সাহা; এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ও ব্যবস্থাপক মোহাম্মদ ফিরোজ উদ্দিন।

