নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বন রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, অপরাধ দমনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন কাজ না করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বন উজাড়ে ‘জিরো টলারেন্স’
সংসদ সদস্য বলেন, বন উজাড় ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। “আমার আপন ভাই যদি বন কাটার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও বন বিভাগ আইনানুগ ব্যবস্থা নেবে। পরিচয় বা সম্পর্কের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আর একটি গাছও যদি কাটা হয়, তাহলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” উপকূলীয় হাতিয়ায় বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
অপরাধে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নেই
আবদুল হান্নান মাসউদ বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো দলীয় নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে।
আইনের দৃষ্টিতে সবাই সমান এবং এ নীতি বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, অফিস-আদালতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উন্নয়ন ও সমন্বয়ের ওপর গুরুত্ব
সংসদ সদস্য বলেন, হাতিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংসদ সদস্যের দিকনির্দেশনাকে স্বাগত জানান।

