নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নবীর দোকান এলাকায় অবস্থিত মোহাম্মদিয়া ব্রিকফিল্ডের পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার দুপুরে ব্রিকফিল্ড সংলগ্ন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইট সরবরাহ ও বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা রয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তি ওমর ফারুক এবং দখলদার হিসেবে অভিযুক্ত জাকের গং পাওনা পরিশোধ করছেন না। উল্টো নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি তাদের।
ভুক্তভোগীদের ভাষ্য, কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেও এখন তারা টাকা ফেরত পাচ্ছেন না। পাওনা চাইতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন গ্রাহক।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত কাউকে ব্রিকফিল্ড পরিচালনা করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন অংশগ্রহণকারীরা। প্রয়োজনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচি পালনের কথাও জানান তারা।
এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

