নোয়াখালী সদর উপজেলায় অভিনব কৌশলে প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় ইসমাইল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসির জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো দুটি পলি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
ডিএনসি জানায়, ইয়াবার পাশাপাশি তার কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি অপ্পো (Oppo A3s) স্মার্টফোন এবং একটি নকিয়া বাটন ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসির নোয়াখালী জেলার উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক কারবারিরা প্রতিনিয়ত পাচারের কৌশল পরিবর্তন করছে। তবে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

