শাহদাত হোসেন-নোয়াখালীর খবর।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে ইফতার আয়োজন করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন স্বপন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বসুরহাট জিরো পয়েন্টে অবস্থিত নির্ঝর কনভেনশন অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেলায়েত হোসেন স্বপন আগামীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় দিকনির্দেশনার ভিত্তিতে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
তিনি বলেন, নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
তার নির্দেশনা পেলে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
বেলায়েত হোসেন স্বপন বলেন, বসুরহাট পৌরসভাকে একটি আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। নির্বাচিত হলে কারও অধিকার ক্ষুণ্ন হবে না—এমন আশ্বাসও দেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ তার পথচলায় সহায়ক হবে।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহম্মেদসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে পারস্পরিক সৌহার্দ্য এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন

