নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দাফনের পাঁচ মাস ১৩ দিন পর দোলপি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের নির্দেশে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালুয়ার চর উমেদ এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার চর বালুয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক শিমুল, কনস্টেবল মো. আলমগীরসহ নিহতের পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ খলিল তার মেয়ে দোলপি বেগমের বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত বছরের ৫ সেপ্টেম্বর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করে।
পরবর্তীতে দোলপির বাবা মেয়েকে হত্যার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত মরদেহ উত্তোলন এবং ঘটনাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

