উপাচার্যসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগ দাবি করেছেন সাদা দলের শিক্ষকরা। একই সঙ্গে এসব অভিযোগের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে। দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে ফার্মেসি বিভাগের অধ্যাপক ও সাদা দলের সভাপতি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রশাসনিক ও নৈতিক সংকটে রয়েছে। তাঁর অভিযোগ, গত ১৭ মাস ধরে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে রাজনৈতিক প্রভাব, দলীয় বৈষম্য, আইনি ও নৈতিকতার লঙ্ঘন, আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে।
ফিমস বিভাগের অধ্যাপক ও সাদা দলের সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর সরকার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক ড. আবদুল কাইয়ুম মাসুদ অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারা প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়ায় অনিয়ম, রাজনৈতিক সুপারিশে নিয়োগ এবং উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও তোলেন।
বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সংশ্লিষ্টদের পদত্যাগের আহ্বান জানান। সাত দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. আবিদুর রহমান, জামাল উদ্দিন, আব্দুর বারেক, মিনহাজুল আবেদীন, জনি মিয়া, মোকাররম হোসেন, সাদ্দাম হোসেন ও মোজাম্মেল হোসেনসহ অন্যান্য শিক্ষক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

