বারে সমীকরণ: আ.লীগ ৯, বিএনপি ৫, জামায়াত ১.
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নেতৃত্বের শীর্ষ দুই পদে ভাগাভাগির চিত্র দেখা গেছে। সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হলেও সাধারণ সম্পাদক পদে বিজয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। মোট ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত সাদা দল ৯টি, বিএনপি সমর্থিত নীল দল ৫টি এবং জামায়াত সমর্থিত সবুজ দল ১টি পদে জয়লাভ করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫টি পদের বিপরীতে ৬২৫ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি পুরো প্রক্রিয়া পরিচালনা করে। ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থী অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন মাসুদ ২৭০ ভোট পেয়ে জয়লাভ করেন।
নির্বাচিত অন্যান্যরা-
সাদা দল থেকে:
সিনিয়র সহ-সভাপতি সাহেদ হোসাইন, সহ-সভাপতি আশ্রাফুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ জাহিদ হোসাইন দিদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পলাশ, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক নূর হোসেন সবুজ, সদস্য আদিল আমিন ও মো. মোকাদ্দেছ হাসান।
নীল দল থেকে:
সহ-সম্পাদক মো. সফিক উল্যাহ সুমন, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক মো. ছালেহ উদ্দিন, সদস্য নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ।
সবুজ দল থেকে:
সদস্য আবদুল্যাহ ইব্রাহিম ইমরান।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরাজিত প্রার্থীরাও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।

