সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের নলচারা এলাকার অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), তার স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) এবং তাদের তিন কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। দুর্ঘটনায় গাড়িচালক বাবর (২৬)ও নিহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে সৌদি আরবে ভ্রমণে যান। ১৫ ফেব্রুয়ারি তারা ওমরাহ পালন শেষে মদিনা শহর থেকে আভা জেলার উদ্দেশে রওনা হন। পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ পরিচালনা করে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একই পরিবারের পাঁচ সদস্যের করুণ মৃত্যুতে রামগঞ্জের ভাটরা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

