কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মৎস্য খামারের মাটি কাটার সময় এক ভেকু চালককে বেধড়ক পিটিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী, চাঁদাবাজ ও লাঠিয়াল চক্রের বিরুদ্ধে।
রোববার রাতে এঘটনায় সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতাকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী ভেকু চালক সোহাগ। এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার চরবালুয়া ৬নং ওয়ার্ডের তিনের খালের উত্তর পাশে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সোহেল নামের এক ব্যক্তির জমিতে মাছের খামার তৈরিতে মাটি কাটার কাজ করছিলেন ভেকু চালক সোহাগ। ঘটনার দিন সন্ধ্যায় ইব্রাহীম তোতার নির্দেশে ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র, লোহার রড ও এসএস পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়।এসময় তারা কাজ বন্ধ করতে বলে এবং চালকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা চালক সোহাগকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে এলাপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে সন্ত্রাসী রিপন চলন্ত গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এরপর বিবাদীরা রড ও পাইপ দিয়ে পিটিয়ে এসকেভেটর মেশিনের ব্যাপক ভাঙচুর চালায়।
ভুক্তভোগী ভেকু চালক সোহাগ আরও অভিযোগ করেন, চাবি নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে হুমকি দেয় যে, ৫ লাখ টাকা চাঁদা না দিলে তাকে এই এলাকায় কাজ করতে দেওয়া হবে না এবং কাজ করলে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হবে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার চর বালুয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ পরিদর্শক শিমুল জানান, অভিযোগ পেয়ে সোমবার দুুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

