ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর নোয়াখালীর ১৩টি আসনের মধ্যে ১২টিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি একটি আসনে জয় পেয়েছে জামায়াত জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিপুল বিজয়ের পর জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে নোয়াখালী থেকে কারা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে।
দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, নোয়াখালী থেকে অন্তত চারজন নেতা মন্ত্রিসভায় থাকতে পারেন। তারা হলেন—
১/এ এম মাহবুব উদ্দিন খোকন।
২/জয়নুল আবদিন ফারুক।
৩/বরকত উল্লাহ বুলু।
৪/মো. শাহজাহান।
জানা গেছে, নোয়াখালী-১ আসন থেকে নির্বাচিত মাহবুব উদ্দিন খোকন দীর্ঘদিন আইন অঙ্গনে সক্রিয় এবং অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলু পূর্বে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আর নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান একাধিকবার সংসদ সদস্য হয়ে স্থানীয় উন্নয়ন ইস্যুগুলো জাতীয় সংসদে তুলেছেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, সম্ভাব্য দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা চলছে। সে হিসেবে মাহবুব উদ্দিন খোকন আইনমন্ত্রী, বরকত উল্লাহ বুলু শিল্প ও বাণিজ্যমন্ত্রী, মো. শাহজাহান ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এবং জয়নুল আবদিন ফারুক সংসদের উপনেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে জেলার মানুষ সম্ভাব্য মন্ত্রীদের কাছে বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন। এর মধ্যে রয়েছে— নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সিটি করপোরেশন গঠন, সুবর্ণচরে ইপিজেড স্থাপন, সোনাপুর থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন এবং ঢাকা-নোয়াখালী রুটে নতুন ট্রেন চালু।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনর রশীদ আজাদ বলেন, নোয়াখালীসহ বৃহত্তর অঞ্চল আবারও বিএনপির ঘাঁটি হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে। ভোটারদের সমর্থন দলকে শক্ত অবস্থানে নিয়েছে বলেও তারা মন্তব্য করেন।
তাদের ভাষ্য, এবারের ফলাফলের ধারাবাহিকতায় মন্ত্রিসভায় নোয়াখালীর প্রতিনিধিত্ব থাকবে বলে তারা আশাবাদী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত একান্তই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর নির্ভর করছে।

