ফসলি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এস্কেভেটর জব্দ ও জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট টহলকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মিয়াজীবাড়ি এলাকার সামনে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাতাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। পরে জব্দকৃত এস্কেভেটরটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী অভিযুক্ত ওই এলাকার তরিকুল্লাহ (৭৫) কে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় বেগমগঞ্জ মডেল থানার এএসআই বাদশা বুলবুলসহ পুলিশের একটি চৌকস দল এবং স্থানীয় ইউপি সদস্য সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাতাদ হোসেন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

