নোয়াখালী-৫ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত ছবি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বসুরহাট পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন। তিনি দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে এ আহ্বান জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নোয়াখালী-৫ আসনের বিভিন্ন এলাকায় কিছু ভোটার ও সমর্থক দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নিজেদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিলবোর্ড, তোরণ ও ব্যানার স্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, নোয়াখালী-৫ আসনের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব প্রচারণা সামগ্রী দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ভোটার ও সমর্থকদের প্রতি সম্মান জানিয়ে তিনি অনুরোধ জানান, আজ রাতের মধ্যেই এসব বিলবোর্ড, তোরণ ও ব্যানার সরিয়ে ফেলার জন্য।
একই সঙ্গে তিনি স্পষ্ট নির্দেশনা দেন, নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র প্রার্থী, দলীয় প্রধানের ছবি এবং দলীয় নির্বাচনী প্রতীক ব্যবহার করতে হবে।
মাওলানা মোশাররফ হোসেনের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক নেতাদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতেই এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত