পরিকল্পিত নগরায়নের সমস্যা ও সম্ভাব্য সমাধানের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নাগরিক মতামত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে আমেরিকান প্রবাসী আবদুর রহীম সোহাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, প্রবাসী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, নগর উন্নয়ন কার্যক্রমে একক উদ্যোগে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সম্ভব নয়। বাস্তব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ এবং নিজ নিজ অবস্থান থেকে বাস্তবভিত্তিক রূপরেখা প্রণয়ন জরুরি। একই সঙ্গে বক্তারা রাস্তা-ঘাট ও হাট-বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ওভারলোড ড্রাম ট্রাকের অনিয়ম রোধে প্রশাসনের আরও আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন।
সভায় বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী খাজা মোহাম্মদ কাজল, আমেরিকান প্রবাসী আল হারুন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বি.কম, বামনি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ এইচ এম কামাল উদ্দিন, সুইডেন প্রবাসী ফরিদ আহমেদ, সাংবাদিক মেজবাউদ্দিন, বসুরহাট পৌরসভা বাজার পরিদর্শক করিমুল হক সাথি, জীবন আলো সামাজিক সংগঠনের সভাপতি সুলতান মো. শামিম সিরাজ এবং সংগঠনের সেক্রেটারি আশ্রাফুল ইসলাম রাফি।
সভা শেষে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে নাগরিক পর্যায়ে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

