আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়ামে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের নিয়ে এ বর্ণাঢ্য ও সুশৃঙ্খল হাজিরা প্যারেড আয়োজন করা হয়।
হাজিরা প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. মাহবুবুর রহমান (রেঞ্জ কমান্ডার, কুমিল্লা)সহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মনোনীত নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা স্বতঃস্ফূর্তভাবে হাজিরা প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেডের মাধ্যমে সদস্যদের উপস্থিতি, প্রস্তুতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করা হয়।
হাজিরা প্যারেডে বক্তব্যে অতিরিক্ত মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
তিনি আরও জানান, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার সদস্যের মধ্যে ২ জন সদস্য নির্বাচন সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির ছবি তাৎক্ষণিকভাবে আপলোড ও রিপোর্ট করবেন। এসব তথ্য বিশ্লেষণ করে টহলরত আনসার ব্যাটালিয়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স দ্রুত ব্যবস্থা নেবে।
তিনি স্পষ্ট করে বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না। সামান্য অস্বাভাবিকতা দেখা দিলেই তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সবাইয়ের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

