নোয়াখালীর খবর ডিজিটাল ডেস্ক-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ভবনে আয়োজিত এ সভায় জানানো হয়, নোয়াখালী-৫ আসনের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ১৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সভায় সেনাবাহিনীর কোম্পানীগঞ্জ ক্যাম্পের প্রধান মেজর নাসির বলেন, এসব ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতা বরদাশত করা হবে না।
তিনি আরও জানান, অবৈধ ও লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। নির্ধারিত সময়ের পর কারও কাছে অস্ত্র পাওয়া গেলে অস্ত্র আইনে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত একাধিক সাংবাদিক চরএলাহী এলাকায় সক্রিয় সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্রের বিষয়ে সেনাবাহিনীকে অবহিত করেন। এ বিষয়ে মেজর নাসির বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংস ঘটনায় সাধারণ মানুষ ও সাংবাদিক উভয়ই সমান গুরুত্ব পাবে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ গুরুত্ব দেবে।
সভায় সাংবাদিকরা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি অবৈধ বালু ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, ঝুঁকিপূর্ণ এলাকা এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়গুলো নোট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য আদান–প্রদান ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

