নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। একাধিক টিম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দুর্গম ও প্রত্যন্ত এলাকায় মহড়া দিচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে দেখা যাচ্ছে নৌবাহিনীর সদস্যদের।
হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই হাতিয়ায় নৌবাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাতিয়ায় নৌবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে গত ২০ জানুয়ারি অতিরিক্ত নৌবাহিনী মোতায়েন করা হয়। প্রতিদিন নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা। কখনো যানবাহনে, কখনো পায়ে হেঁটে তারা দায়িত্ব পালন করছেন।
ইতোমধ্যে নৌবাহিনীর সদস্যরা হাতিয়ায় অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই তৎপরতায় দ্বীপজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

