নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এক বৃদ্ধাকে জোরপূর্বক চলন্ত সিএনজি অটোরিকশায় তুলে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সাহাব উদ্দিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নূর জাহান (৭০) মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আবুল হাসেমের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী নূর জাহান লিখিত অভিযোগে জানান, চোখের চিকিৎসা শেষে তিনি বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের পাশে সাহাব উদ্দিনের চায়ের দোকানে নাস্তা করছিলেন। নাস্তা শেষে দোকানদারকে টাকা দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় একটি সিএনজি অটোরিকশায় করে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে আসে। এরপর তাঁকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেওয়া হয়।
চলন্ত সিএনজির ভেতরে তাঁকে একটি নকল স্বর্ণের বার ধরিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তাঁর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে বসুরহাট বাইপাস সড়কের পাশে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগীর ছেলে আবুল কালাম বলেন, “মায়ের শারীরিক অসুস্থতা ও ঘটনার আকস্মিকতার কারণে কিছুটা বিলম্বে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। মা এখনো খুব আতঙ্কের মধ্যে আছেন।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার বলেন, “একজন নারী ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” তবে তিনি এ ঘটনায় আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

