নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারগুলোতে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনা তিনি শুনেছেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, ট্রলারগুলোতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির। এর মধ্যে জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী।
নিশান চৌধুরী জানান, বুধবার সকালে হঠাৎ করে বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে সাগর উত্তাল হয়ে পড়ে। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে আশপাশে থাকা অন্যান্য মাছধরা ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারগুলোর মাঝি-মাল্লাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, সাগর এখনো উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত