নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে মো. সোহাগ ওরফে সোহেল (৩৫) নামে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় তিনি আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি ওই গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরেন সোহেল। এর আগে গত বুধবার দুপুরে আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধরের অভিযোগ ওঠে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার জেরে রোববার সন্ধ্যায় ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে কয়েকজন সোহেলের বাড়িতে গিয়ে তাকে গুলি করেন বলে অভিযোগ করা হয়।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীব অভিযোগ করে বলেন, “গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল নেতা সোহেলকে বাড়িতে গুলি করে পালিয়ে যায়।”
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নন।”
বেগমগঞ্জ মডেল থানার এসআই হাবীবুর রহমান বলেন, “ছররা গুলিতে একজন আহত হয়েছেন। আঘাত তেমন গুরুতর নয়। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত