নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে একটি কালো রঙের হার্ড জিপ (কিয়া) গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৮০৩৭) আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে পিছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০টি করে নীল রঙের পলিব্যাগ এবং প্রতিটি পলিব্যাগে ১৯৬টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৮০,৩৬০টি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ পারভেজ (৪২) ও মোঃ বিপ্লব (৪৮)। তারা উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেগমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত