নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে এক ফ্রান্স প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফ্রান্স প্রবাসী আবু সুজন, তার ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ, ভাবি রুবিনা আক্তার ও বোন ইয়াসমিন আক্তার। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার পারভেজ জানান, তার ভাই আবু সুজন মাত্র ১৮ দিন আগে ফ্রান্স থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে পরিচিত জুনায়েদের টার্গেটে পরিণত হন।
এরই জেরে রবিবার রাতে জুনায়েদের নেতৃত্বে একদল হামলাকারী তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
পরে অবরুদ্ধ অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, হামলা ও লুটপাটের অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত