নোয়াখালীর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে নামজারির কাজ করে দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাটখিল পৌরসভার বাসিন্দা আব্দুল লতিফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে আব্দুল লতিফ জানান, জমির নামজারির জন্য তিনি চাটখিল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে নাজির জসীম উদ্দীন তাকে জানান, স্বাভাবিক নিয়মে কাজটি সম্পন্ন হবে না। এ বিষয়ে অফিসের পিয়ন জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর প্রথমে নামজারির কাজ করে দেওয়ার কথা বলে ৪৫ হাজার টাকা দাবি করেন। পরে ওই টাকা পরিশোধ করার পরও কাজ সম্পন্ন না করে বিভিন্ন অজুহাতে আরও ১৫ হাজার টাকা আদায় করেন। সব মিলিয়ে ৬০ হাজার টাকা দেওয়ার পরও নামজারির কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও জানান, দীর্ঘদিন অপেক্ষার পরও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় তিনি সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির কাছে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে কোনো প্রতিকার না পেয়ে গত ৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ, দালালি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি স্থানীয়দের।
এছাড়া অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে জাহাঙ্গীর চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত