নিজস্ব প্রতিবেদক | নোয়াখালীর খবর:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা ও সেবন নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিশেষ করে বিরাহিমপুর ও কালাজিপুকুর এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকেই প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের দৃশ্য চোখে পড়ে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মাদক ব্যবসা অবাধে চলছে। এতে করে এলাকার যুব সমাজ মাদকের গভীর ছোবলে বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্রমেই অবনতি হচ্ছে।
এক প্রবাসী বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
> “এলাকার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। মাদক ব্যবসায়ীরা এমনভাবে চলাফেরা করছে, যেন কেউ কিছু বলার নেই।”
অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি বহুবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, সিরাজপুর ইউনিয়নে জরুরি ভিত্তিতে পুলিশের কঠোর অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও তাদের আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে। একইসাথে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত