নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় মেয়াদোত্তীর্ণ সার, বীজ ও কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ জুন) বিকেলে বসুরহাট পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো এম ইসলাম অ্যান্ড ব্রাদার্স এবং বসুরহাট বীজ ভান্ডার।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানে ২০২৪ ও ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক সার, বীজ, কৃষি ওষুধ এবং কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করতে দেখা যায়।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এম ইসলাম অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং বসুরহাট বীজ ভান্ডারকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত ও আসল কৃষি উপকরণ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও বাজার তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত