নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মো. আমিনুল হক (৩০)। তিনি উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত, স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালক মো. আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মো. আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আটক করে রাখা দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।
তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী পালিয়ে যান। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত